মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬ - ১০:০৮
পারস্য উপসাগরকে আগ্রাসীদের কবরস্থানে পরিণত করব

পারস্য উপসাগরে আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করা আগ্রাসী শক্তিগুলো অতীতের মতো ভবিষ্যতেও পরাজিত হবে বলে মন্তব্য করেছেন ইরানের বুশেহর প্রদেশে সর্বোচ্চ নেতার প্রতিনিধি ও বুশেহরের জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন গোলামআলী সাফায়ি বুশেহরি। তিনি বলেছেন, ‘পারস্য উপসাগরকে আগ্রাসীদের কবরস্থানে পরিণত করব।’

হাওজা নিউজ এজেন্সি’র প্রতিবেদন অনুযায়ী, সোমবার রাতে দেইর কাউন্টির আবদান এলাকায় এক জনসমাবেশে তিনি বলেন, সাম্প্রতিক ঘটনাবলিতে ইরানের জনগণ ও যোদ্ধারা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনেয়ীর নির্দেশনায় পারস্য উপসাগরে অসাধারণ প্রতিরোধ গড়ে তুলেছেন এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বড় পরাজয়ের মুখে ঠেলে দিয়েছেন। তাঁর দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এমন এক প্রতিরোধশক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছে, যার পাশে আল্লাহ রয়েছেন এবং যার পথে পবিত্র শহীদদের রক্ত ঝরেছে।

কারবালার যুদ্ধের উদাহরণ দিয়ে তিনি বলেন, ইমাম হুসাইন (আ.)-এর সঙ্গে ছিলেন একশরও কম সঙ্গী, অন্যদিকে উমাইয়া বাহিনীর সদস্যসংখ্যা ছিল ২৫ থেকে ৩০ হাজার। সামরিক হিসাব অনুযায়ী, তাঁদের বিজয়ের সম্ভাবনা ছিল না; কিন্তু অবিচলতা ও শাহাদাতের মাধ্যমে তাঁরা শক্তির সমীকরণ বদলে দেন। হযরত জয়নাব (সা.আ.)-এর ঐতিহাসিক উক্তি ‘মা রাআইতু ইল্লা জামিলা’—‘(কারবলায়) সুন্দর ছাড়া আর কিছুই দেখিনি’— উল্লেখ করে তিনি বলেন, ইমাম হুসাইন (আ.)-এর শাহাদাত সত্যের সংগ্রামের সমাপ্তি নয়, বরং তার বিজয় ও স্থায়ী প্রতিরোধের সূচনা।

তিনি বলেন, যারা আল্লাহর পথে জীবন ও সম্পদ উৎসর্গ করে ধর্ম এবং উপাসনাকারীদের ভূমিকে অপরাধীদের আধিপত্য থেকে রক্ষায় প্রতিরোধ গড়ে তোলে, আল্লাহ তাদের সাহায্য করেন। এ প্রসঙ্গে তিনি কোরআনের ‘ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম’—‘তোমরা আল্লাহকে সাহায্য করলে আল্লাহও তোমাদের সাহায্য করবেন’—আয়াত এবং হযরত মূসা (আ.)-কে দেওয়া আল্লাহর বাণী ‘লা তাখাফা ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা’—‘ভয় পেয়ো না, আমি তোমাদের সঙ্গে আছি; আমি শুনি ও দেখি’—উদ্ধৃত করেন। তাঁর ভাষ্য, আল্লাহর অনুগ্রহ ও ইমাম মাহদী (আ.ফা.)-এর সাহায্যে সত্যের সম্মুখসারির যোদ্ধাদের জন্য বিজয়ই অপেক্ষা করছে। শহীদদের পরিবার আত্মত্যাগী সন্তান গড়ে তুলে দেশের শক্তি ও ইসলামের মর্যাদা রক্ষায় অবদান রেখেছেন বলেও তিনি উল্লেখ করেন।

ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে দক্ষিণ ইরানের প্রতিরোধ
হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সাফায়ি বুশেহরি বলেন, প্রায় ৫০০ বছর আগে পর্তুগিজরা ইরানের দক্ষিণাঞ্চল ও নাখিল দ্বীপে হামলা চালিয়ে অপরাধ সংঘটিত করেছিল। স্থানীয় জনগণ তাদের জাহাজে আক্রমণসহ প্রতিরোধ গড়ে তোলে এবং শেষ পর্যন্ত পর্তুগিজরা পারস্য উপসাগর ছেড়ে পালাতে বাধ্য হয়। দেইর অঞ্চলের মানুষ নির্যাতিত ও বাস্তুচ্যুতদের আশ্রয় দিয়েছেন এবং ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে প্রতিরোধের প্রাচীর হয়ে দাঁড়িয়েছেন। পর্তুগিজদের বিরুদ্ধে এ সামুদ্রিক সংগ্রাম দক্ষিণ ইরানের গৌরবময় ইতিহাস ও সাংস্কৃতিক পরিচয়ের অংশ।

তিনি বলেন, ব্রিটিশরা চারবার এ অঞ্চলে হামলা চালালে প্রতিবারই আলেমরা তাদের বিরুদ্ধে প্রতিরোধকে ওয়াজিব ঘোষণা করেন। শেখ হাসান আল-আসফুর, আল্লামা বেলাদি, মুজাহিদ বোরাজজানি, আয়াতুল্লাহ সাইয়্যেদ মুর্তজা আহরামি, সাইয়্যেদ আলী-নাকী দাশতি ও শেখ আবদুলআলী বাহরানি এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরে রইসআলী দেলোয়ারির নেতৃত্বে স্থানীয় যোদ্ধারাও ব্রিটিশ ঔপনিবেশিকতার বিরুদ্ধে লড়াইয়ে যোগ দেন।

হোসেইন দাশতি ও তাঁর সহযোগীদের সাহসিকতার কথা উল্লেখ করে তিনি বলেন, তাঁদের প্রতিরোধের একপর্যায়ে ব্রিটিশ কনসাল জেনারেল ও’কনর এবং ব্রিটিশ বাহিনীর সদস্যরা বন্দি হন। তাঁদের বোরাজজান হয়ে আহরামের কালাত দুর্গে নেওয়া হয় এবং প্রায় নয় মাস আটক রাখা হয়। ব্রিটিশরা বহু চেষ্টা করেও তাঁদের মুক্ত করতে পারেনি। জায়ের খিজর খান তেঙ্গেস্তানির ভূমিকার কথাও তিনি স্মরণ করেন। আয়াতুল্লাহ সাফায়ি বুশেহরির ভাষ্য অনুযায়ী, ও’কনর তাঁর স্মৃতিকথায় বিস্ময় প্রকাশ করেছিলেন—বিশ্বের অন্যতম শক্তিশালী ব্রিটিশ সাম্রাজ্য কীভাবে অল্পসংখ্যক ইরানি বন্দুকধারীর নিয়ন্ত্রণে থাকা একটি মাটির দুর্গ থেকে নিজেদের কনসাল ও সৈন্যদের মুক্ত করতে ব্যর্থ হয়েছিল।

তিনি বলেন, পর্তুগিজ ও ব্রিটিশদের মতো ঔপনিবেশিক শক্তি এ অঞ্চলে পরাজিত হয়েছে; যুক্তরাষ্ট্র ও ইসরায়েলও একই পথে এগোলে তাদের পরিণতি ভিন্ন হবে না। অতীতে ইরানকে বিভক্ত করা, পারস্য উপসাগর দখল এবং দেশটির তেলসম্পদ লুট করার পরিকল্পনা ব্যর্থ হয়েছে। তাঁর দাবি, বর্তমানে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি ইরানের নিয়ন্ত্রণে এবং দেশ পরিচালনা করছেন বিপ্লবী শক্তিগুলো।

আত্মসমর্পণ নয়, প্রতিরোধ
হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সাফায়ি বুশেহরি বলেন, শত্রুরা ইরানকে আত্মসমর্পণ করতে অথবা ধ্বংসের মুখোমুখি হতে বলছে। কিন্তু ইমাম হুসাইন (আ.)-এর আদর্শে অনুপ্রাণিত ইরানের জবাব, ‘হায়হাত মিন্না জিল্লা’—অপমানের কাছে নতি স্বীকার নয়। তাঁর মতে, শত্রুরা বাইরে থেকে হামলার পাশাপাশি দেশের ভেতরে নিজেদের সহযোগীদের সক্রিয় করে অস্থিরতা সৃষ্টির পরিকল্পনাও করেছিল; কিন্তু জনগণের ব্যাপক রাজপথে উপস্থিতি সেই ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে।

তিনি বলেন, জনগণের সক্রিয় উপস্থিতি ইরান ও ইসলামের শক্তির অন্যতম উৎস। এ অঞ্চলের মানুষের পূর্বপুরুষেরা ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে লড়াই করেছেন; বর্তমান প্রজন্মও তাঁদের উত্তরসূরি। তাই তারা নিজেদের ভূমি, ঘরবাড়ি ও অঞ্চলকে বিদেশি আগ্রাসনের শিকার হতে দেবে না। তাঁর দাবি, ইরান বর্তমানে সামরিক ও প্রতিরক্ষা সক্ষমতার শীর্ষ পর্যায়ে রয়েছে এবং জাতীয় ঐক্যও সুদৃঢ়।

দেইর অঞ্চলের তরুণ ও সাধারণ মানুষকে ইতিহাসের বই এবং প্রতিরোধযোদ্ধাদের স্মৃতিকথা পড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে এ অঞ্চলের মানুষের সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের জানা প্রয়োজন।

বক্তব্যে এক শহীদ বিপ্লবী নেতা আয়াতুল্লাহ খামেনেয়ী (রহ.)’র সঙ্গে সাক্ষাতের স্মৃতিও তুলে ধরেন আয়াতুল্লাহ সাফায়ি বুশেহরি। তিনি বলেন, শহীদ নেতাকে বুশেহরের মানুষের ভালোবাসা ও আনুগত্যের কথা জানালে তিনি বলেছিলেন, পুরো ইরানই ঔপনিবেশিকতার বিরুদ্ধে লড়াই করেছে; তবে বুশেহরের মানুষের কাছে ঔপনিবেশিকতার বিরুদ্ধে প্রতিরোধ কেবল রাজনৈতিক অবস্থান নয়, এটি তাদের সংস্কৃতি। এ চেতনা এ অঞ্চলের নারী-পুরুষের শরীর, রক্ত-মাংস ও অস্তিত্বের গভীরে প্রোথিত।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha